সিবিএসে ৮ ঘণ্টায় সোনালী ব্যাংকের ‘ক্লোজিং ইয়ার এন্ড’
চলতি বছরে মাত্র ৮ ঘন্টার মধ্যে ব্যাংকের অর্থ বছরের ‘ক্লোজিং ইয়ার এন্ড’হিসাব প্রক্রিয়া শেষ করেছে ২ কোটিরও বেশি গ্রাহকের রাষ্ট্রায়ত্ব ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড।
ব্যাংকটির প্রথাগত ব্যাংকিং সেবাগুলোকে আলাদা আলাদা ভেন্ডরের মাধ্যমে প্রদানের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ইন্টালেক্ট ‘কোর ব্যাংকিং ‘প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছে সোনালী ইন্টালেক্ট লিমিটেড। এর ফলে ব্যাংকটি জিরো ডাউনটাইম-এ অর্থাৎ নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদান করতে সক্ষম হচ্ছে।
এ বিষয়ে সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধান বলেছেন, ২ কোটিরও বেশি গ্রাহকের হিসাব ও তথ্য সম্বলিত একটি ব্যাংকের ‘ক্লোজিং ইয়ার এন্ড’ প্রক্রিয়া মাত্র ৮ ঘন্টার মধ্যে সম্পন্ন করা ব্যাংকিং ইতিহাসে এই প্রথম। সোনালী ইন্টালেক্ট এই মূহুর্তে ২ কোটি ৮ লক্ষ ৯১ হাজার ৫৯৩ জন গ্রাহকের ১ কোটি ৯২ লক্ষ ৭৩ হাজার ৬০৭টি অ্যাকাউন্ট পরিচালনা করছে। গত বছর এই হিসাব-নিকাশ সম্পন্ন হতে সময় লেগেছিল ৮ ঘন্টা ১৭ মিনিট এবং ২০১৮ সালে সময় লেগেছিল ১১ ঘন্টা ২৮ মিনিট।
ইন্টালেক্ট -এর স্থানীয় উন্নয়ন ও সহায়তা কেন্দ্রের মাধ্যমে তৈরি ইন্টালেক্ট সিবিএস সম্পূর্ণরূপে বাংলাদেশের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সোনালী ইন্টালেক্ট লিমিটেডের পরিচালক বানেশ প্রভু।
তার ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালে সোনালী ব্যাংক তাদের ১২০টি শাখাতে সিবিএস সিস্টেম যুক্ত করার মাধ্যমে শুরু করে এবং ২০১৭ সালে তাদের সর্বমোট ১২০৯ টি শাখাতেই সফলভাবে সোনালী ইন্টেলেক্ট এর মাধ্যমে ‘ইন্টেলেক্ট সিবিএস’ সিস্টেম বাস্তবায়ন করা হয়। এরপর সোনালী ব্যাংক আরো ১৬টি শাখায় সিবিএস সিস্টেম যুক্ত করে।